প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টঙ্গীতে ভূয়া পরিচয়ধারী ব্যক্তির লালসায় ক্ষতিগ্রস্ত একাধিক নারী
২০২৬ মে ০৭ ১৮:১৮:২৩
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : এক ব্যক্তির রয়েছে ভিন্ন ভিন্ন তিন পরিচয়! কখনো শ্রী বৈদ্য চন্দ্র রায়, কখনো রনি মিয়া, আবার কখনো সাগর মিয়া। শুধু নাম নয়, পাল্টে ফেলেন বাবার নামও। এই বহুরূপী প্রতারকের বিয়ের নেশায় তছনছ একাধিক নারীর জীবন!ঘটনা গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড টঙ্গীতে।
১৬ বছর আগে স্থানীয় কাজী অফিসে ধর্মান্তরিত হয়ে সাগর মিয়া নামে রুবি আক্তারকে (৩৫) বিয়ে করেন বৈদ্য চন্দ্র রায়। রুবির সাথে থেকে যান এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের এক ভাড়া বাসায়। রুবির ঘরে এখন দুই সন্তান। অভিযোগ আছে, রুবির অগোচরেই তিনি 'রনি মিয়া' সেজে করেন ভূয়া বিয়ে। অবাক করা বিষয় হলো, এই ব্যক্তির নামে আছে তিনটি ভিন্ন ভিন্ন নামের এনআইডি কার্ড, যেখানে বাবা-মায়ের নামও ভিন্ন ভিন্ন।
স্ত্রী রুবি আক্তার জানান, জুয়ার নেশায় মত্ত এই প্রতারক অল্প বয়সী মেয়েদের টার্গেট করে। ভুয়া পরিচয়ে বিয়ে করে।
জানা যায়, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়াই তার কাজ। তার এসব কুকীর্তিতে বাধা দিলে স্ত্রী রুবির ওপর চলে অমানবিক নির্যাতন আর প্রাণনাশের হুমকি। রত্না নামে আরও এক নারী সম্প্রতি তার এই পুরোনো কৌশলের শিকার হয়েছেন। মানষিকভাবে ভেঙে পড়ে ঐ নারী আত্মহত্যার চেষ্টাও করেন।
উত্তরাধিকার ৭১ নিউজকে রত্না (৩০) বলেন, গার্মেন্টসে চাকরি করতে গিয়ে এই প্রতারকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তখন পূর্বের স্ত্রী রুবি আক্তারের কথা গোপন করেন এই প্রতারক। নিজেকে রনি মিয়া পরিচয়ে বিয়ে করেন। রত্না নিজের এবং প্রবাসী বোনের সহ দুই জোড়া কানের দুল, গলার চেইন ও আংটি সহ নগদ সত্তর হাজার টাকাও দেন বহু পরিচয়ধারী এই প্রতারককে। কয়েক মাস যেতেই এখন দাবি করছেন, তিন লক্ষ টাকা।
রংপুরের পীরগাছার শ্রী বকুল চন্দ্র রায় ও মাতা শ্রীমতি কাঞ্চন রানির পুত্র শ্রী বৈদ্য চন্দ্র রায়ের প্রকৃত পরিচয় নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। রুবি আক্তার ও রত্না উভয় নারী টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করলেও বহুপরিচয়ধারী প্রতারণায় অভিযুক্ত ব্যক্তি এখনো রয়েছেন বহাল তবিয়তে।
(জেজে/এসপি/মে ০৭, ২০২৬)
