ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে মেধা ও স্বচ্ছতায় পুলিশ কনস্টেবল নিয়োগ, প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬

২০২৬ মে ০৭ ১৮:৪৫:০২
ফরিদপুরে মেধা ও স্বচ্ছতায় পুলিশ কনস্টেবল নিয়োগ, প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ফরিদপুর জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

গতকাল বুধবার প্রকাশিত এ ফলাফলে ফরিদপুর জেলা থেকে মোট ৩৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে ১ জন নারী এবং ৩৫ জন পুরুষ প্রার্থী রয়েছেন। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৭ জনকে।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফরিদপুর জেলায় যারা নির্বাচিত হয়েছেন, তারা সম্পূর্ণ তদবিরবিহীনভাবে মেধা, যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছেন।”

তিনি আরও বলেন, “‘সেবার ব্রতে চাকরি’—এই মহান আদর্শকে ধারণ করে নবনির্বাচিত সদস্যরা সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।”

নিয়োগ বোর্ডে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদ নাসিরুল্লাহ, পিপিএম-বার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর) এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম (সদর সার্কেল, রাজবাড়ী)। এছাড়াও ফরিদপুর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা পুরো নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, টিআরসি পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

(ডিসি/এসপি/মে ০৭, ২০২৬)