প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন
২০২৬ মে ০৭ ১৮:৪৯:৫৯
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা করে নাব্যতা ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েব ও ওয়াইপিএজি গ্রুপ ঈশ্বরগঞ্জ।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, এক সময়ের প্রমত্তা কাঁচামাটিয়া নদী আজ প্রভাবশালী মহলের অবৈধ দখল এবং নির্বিচারে বর্জ্য ফেলার কারনে সরু খালে পরিণত হয়েছে। নদীর বুকে রাস্তা নির্মাণ ও অপরিকল্পিত ভরাটের কারনে পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হয়ে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এভাবে চলতে থাকলে নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আশংকা প্রকাশ করেন তারা। মানববন্ধন শেষে পিএফজির একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচীতে বক্তব্য রাখেন পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, উপজেলা স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, উপজেলা সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর সসতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন ও আব্দুল্লাহ আল নোমান।
(এন/এসপি/মে ০৭, ২০২৬)
