ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান, আটক ১১

২০২৬ মে ০৭ ১৯:৩৭:৫৮
সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান, আটক ১১

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা গট্টি ইউনিয়নে কয়েকদিনে ঘটে যাওয়া দাঙ্গা-মারামারী ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষের ১১ জনকে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী, বালিয়া, মেম্বার গট্টি, কসবা গট্টি, দেহার গট্টি ও মীরের গট্টি এলকার দুইদলের বিরাজমান সহিংসতা-দাঙ্গা নিরসনের লক্ষে বৃহস্পতিবার সকালে গট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান চালায় পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, দুই মাতুব্বরের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক হামলা-মামলা, বাড়ি-ঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটছে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ভুমিকা পালন করছে।

তিনি আরো বলেন, সোমবার গট্টি এলাকায় জড়ো হয় দুইদল। পুলিশের কঠোর পদক্ষেপ গ্রহণের পর পরিস্থিতি শাস্ত হয়। ফের দুইদলের সমর্থকরা দাঙ্গা সৃষ্টি চেষ্টার খবর পেয়ে পরিস্থিতি শান্ত রাখতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১জন আসামীকে আটক করা হয়। তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার ও এলাকা নিয়ন্ত্রণ নিয়ে আড়ুয়াকন্দী গ্রামের ইউপি সদস্য নুরু মাতুব্বরের সাথে বালিয়া গট্টি গ্রামের জাহিদ মাতুব্বরের বিরোধ চলে আসছে। এলাকায় তারা দুইজন গ্রাম্য মোড়ল হিসেবে পরিচিত। আওয়ামী লীগের পতনের পর দুই মোড়লের সমর্থকদের মধ্যে অন্তত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতশত মানুষ আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন পঙ্গুত্ব বরণ করেছেন। সহিংসতার সময় ভাঙচুর করা হয়েছে অন্তত দুই শতাধিক বসতবাড়ি। এমনকি কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

(এএন/এসপি/মে ০৭, ২০২৬)