ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

৫ মামলায় চিন্ময়ের জামিন প্রশ্নে রায় ১০ মে

২০২৬ মে ০৮ ১৪:১৭:৩৩
৫ মামলায় চিন্ময়ের জামিন প্রশ্নে রায় ১০ মে

স্টাফ রিপোর্টার : হত্যাসহ পৃথক পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) শুনানি শেষে রায়ের জন্য আগামী ১০ মে দিন রেখেছেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রুল দেন হাইকোর্ট।

আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানিতে ছিলেন।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে তার জামিন মঞ্জুরের পর ওই পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।

এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়।

এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

(ওএস/এএস/মে ০৮, ২০২৬)