প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
‘দায়িত্বশীল সাংবাদিকতাই পারে অপতথ্য রোধ করতে’
২০২৬ মে ০৯ ০০:৪৬:১২
স্টাফ রিপোর্টার : গুজব, অপতথ্য ও ডিপফেকের এই সময়ে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং সম্পর্কে দক্ষ হওয়া এখন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি বলেন, শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তিনির্ভর এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতাই অপতথ্য রোধ করতে পারে।
শুক্রবার (৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সাত দিনব্যাপী এআই নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, তিনি সবসময় ডিআরইউয়ের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সময়ে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আবু সালেহ আকন বলেন, এআই’র ব্যবহার ইতিবাচক ও নেতিবাচক—দুইভাবেই হতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্ব হবে এই প্রযুক্তির সঠিক ও কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা। সমাজ ও মানুষের কল্যাণে এআইকে কাজে লাগাতে পারলেই সাংবাদিকতা আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।
ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই সাংবাদিকদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতেই হবে।
ডিআরইউয়ের তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, ডিআরইউয়ের ইতিহাসে এই প্রশিক্ষণ অন্যতম সেরা আয়োজন হিসেবে প্রতিষ্ঠাতা সদস্যরাও স্বীকৃতি দিয়েছেন। অংশগ্রহণকারী সদস্যদের আগ্রহ ও সম্পৃক্ততার কারণেই সাতদিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। সদস্যদের জন্য সময়োপযোগী ও আধুনিক প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকবে।
ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় গত সাতদিনে বিভিন্ন ব্যাচে মোট ৬০০ সদস্য অংশ নেন। কর্মশালাটি আয়োজন করে ডিআরইউ। সহযোগিতায় ছিল এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই।
সমাপনী দিনে প্রধান অতিথি শফিকুল ইসলাম খান মিল্টন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
(ওএস/এএস/মে ০৯, ২০২৬)
