ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

জাতিসংঘে মার্কিন-বাহরাইনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

২০২৬ মে ০৯ ১৩:১৯:০৯
জাতিসংঘে মার্কিন-বাহরাইনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত ইরানবিষয়ক খসড়া প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। এই খসড়া প্রস্তাবে রাশিয়া এবং চীন ভেটো দিতে পারে আগেই জানিয়েছিলো যুক্তরাষ্ট্র।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমোভ দৈনিক ইজভেস্তিয়া-কে বলেন, আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-বাহরাইনের একটি খসড়া রয়েছে, যা আমরা সমর্থন করতে পারি না। আমরা এখন এই খসড়ার সহ-উদ্যোক্তাদের এটি প্রত্যাহার করার এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ এই নথিতে আমরা এখনো কোনো সম্ভাবনা দেখছি না।

তিনি জানান, রাশিয়া-চীনের যৌথ খসড়া এখনো আলোচনায় রয়েছে। আলিমভ বলেন, এই খসড়ায় যুদ্ধ বন্ধ, শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা এবং আলোচনার টেবিলে মতপার্থক্য সমাধানের স্পষ্ট আহ্বান রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, খসড়াটিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আলিমভ বলেন, আমরা আশা করি আলোচনার গতি শেষ পর্যন্ত ফল দেবে। আমরা সবসময় সহিংসতা নিঃশর্তভাবে বন্ধ এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষে।

তিনি আরও বলেন, যে কোনো পদক্ষেপ যা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তা অবশ্যই উদ্বেগের কারণ।

(ওএস/এএস/মে ০৯, ২০২৬)