ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা 

২০২৬ মে ০৯ ১৪:৫৯:৪১
পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে ধলতার নামে কৃষকদের কাছ থেকে ওজনে বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

এ সময় উপজেলার বহরপুর বাজারে পেঁয়াজ ব্যবসায়ী তেজারত শেখকে ২ হাজার টাকা এবং উপজেলার সমাধিনগর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী অর্জুন মণ্ডলকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের কৃষকের আনীত পণ্যের নীট ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সকলকে এ ধরনের অনিয়ম ও অসাধু কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃষকদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং জনস্বার্থে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

(একে/এএস/মে ০৯, ২০২৬)