প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
২০২৬ মে ১০ ১৪:০২:৪৪
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
তবে বাকি পাঁচ মামলায় তার জামিনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন।
রবিবার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
ফলে ১০ মামলায় তার জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার।
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক পাঁচ মামলায় এর আগে গত বছরের নভেম্বর রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ আইভীকে জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করলে তা স্থগিত করেন।
পাঁচটির মধ্যে তিনটি হত্যা মামলা ও বাকি দুটি হত্যাচেষ্টা মামলা।
পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি জামিন দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো-ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।
হামলা ও সরকারি কাজো বাধা দেওয়ার দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়।
এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এ ১০ মামলায় আজ আপিল বিভাগে শুনানি হয়।
এদিকে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে হাইকোর্ট বিভাগ ৩০ এপ্রিল সেই দুই মামলায় জামিন দেন। ওই জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
(ওএস/এএস/মে ১০, ২০২৬)
