ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ

২০২৬ মে ১০ ১৪:১২:০৫
বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক : বিশ্ব মা দিবসে ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মাকে নিয়ে প্রকাশ করেছেন নিজেদের না বলা অনুভূতি। কারও পোস্টে উঠে এসেছে হারিয়ে ফেলা মায়ের স্মৃতি, কেউ আবার জানিয়েছেন জীবনের সবচেয়ে বড় ভরসার প্রতি ভালোবাসা।

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী মায়ের একটি পুরোনো ও দুর্লভ ছবি প্রকাশ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি জানান, ১৯৯৫ সালে মহাখালীর বাসায় স্ত্রী মৌসুমীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তার মা-ই কাজী ডেকে তাদের বিয়ে সম্পন্ন করান। সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘সেখান থেকে আজ অব্দি একসঙ্গে আছি আলহামদুলিল্লাহ।’

প্রয়াত মাকে স্মরণ করে ওমর সানী আরও লেখেন, ‘বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। মা, আমি তোমাকে অনেক মিস করি।’

অভিনেত্রী অপু বিশ্বাসও মা দিবসে একটি প্রতীকী ছবি প্রকাশ করে মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন। তিনি লেখেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’

এদিকে মা দিবসের দিনই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমর মায়ের জন্মদিন। মায়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। আমার জীবনের রানি।’

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া মায়ের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘প্রতিদিনই মা দিবস, আর প্রত্যেক মা-ই প্রতিদিন সুখ পাওয়ার যোগ্য।’

অন্যদিকে সুনেরাহ বিনতে কামাল মাকে উদ্দেশ করে ভালোবাসাভরা বার্তায় লিখেছেন, ‘তুমি সুন্দর, তুমি শান্তি, তুমি শক্তি, তুমি ভরসা, তুমি ভালোবাসা। শুভ মা দিবস আম্মু।’

এছাড়াও দেশের বিনোদন অঙ্গনের আরও অনেক তারকা মা দিবস উপলক্ষে মাকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। কারও পোস্টে ছিল ভালোবাসা, কারও লেখায় কৃতজ্ঞতা, আবার কোথাও উঠে এসেছে মাকে হারানোর বেদনা। তবে সবকিছুর কেন্দ্রে ছিলেন একজনই-মা, ভালোবাসা আর ভরসার সবচেয়ে বড় নাম।

(ওএস/এএস/মে ১০, ২০২৬)