প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত
২০২৬ মে ১১ ১৫:১০:০৮
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর জখম হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজী জানান, গতকাল রবিবার সকাল প্রায় ৮টার দিকে বনবিভাগের পাস নিয়ে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে তিনি ও তার ছেলে বাবলু গাজীসহ একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে বাবলুর ওপর আক্রমণ চালায়। তিনিসহ সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোমবার সকাল ৯ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ঘাড়সহ কয়েকটি স্থানে ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন তারা।
বুড়িগোয়ালিনি ফরেস্ট অফিসের কর্মকর্তা ফজলুর রহমান জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি
(আরকে/এএস/মে ১১, ২০২৬)
