প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
বাংলাদেশ সফরে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার, অধিনায়ক মার্শ
২০২৬ মে ১১ ১৫:৪৬:৫১
স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
সোমবার (১১ মে) ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলি পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সুযোগ মিলেছে তাদের।
তবে বাংলাদেশ সফরে বিশ্রামে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে গতি ও বৈচিত্র্য আনতে স্কোয়াডে ফিরেছেন বিলি স্ট্যানলেক এবং রাইলি মেরেডিথ।
এদিকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টি-টোয়েন্টি দলেও জায়গা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। তবে বাংলাদেশ সফরে থাকছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পাদের মতো তারকারা।
আগামী ৯ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন এবং শেষ ওয়ানডে মাঠে গড়াবে ১৪ জুন। সিরিজের সবগুলো ওয়ানডে হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।
(ওএস/এএস/মে ১১, ২০২৬)
