ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২০২৬ মে ১১ ১৯:১৪:৪১
নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. নুরুল ইসলাম নাহিদ (রাহিম) (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডাযরি সুত্রে জানা যায়, গত ৯ মে সকালে নাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিকেল ৩টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা
আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে আজ ১১ মে
তারিখে নাহিদের বাবা আবদুস ছালাম কাপাসিয়া থানায় একটি জিডি করেন।

আজ সোমবার বিকেলে দিকে কাপাসিয়া ইউনিয়নের বলদার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে স্থানীয় মাঝিরা একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে তারা কাপাসিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিখোঁজ নাহিদের পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে মরদেহটি শনাক্ত করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাহিদ নদীতে সাঁতার কাটতে নেমে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(এসকেডি/এসপি/মে ১১, ২০২৬)