ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

 

‘দেশে ইতিমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে সরকার’

২০২৬ মে ১৩ ১৮:০১:১৮
‘দেশে ইতিমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে সরকার’

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : '২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং এ পর্যায়ে মোট ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে'। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন সরকার।

ফরিদপুর জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতাকালে এডিসি (সার্বিক) সোহরাব হোসেন সরকার আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অগ্রাধিকার তালিকায় রয়েছে ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, হিজড়া ও বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এক একর বা তার কম জমির মালিক, অতি দরিদ্র নারী-প্রধান পরিবার এবং দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণ'।

এসময় এডিসি অগ্রাধিকার ভিত্তিক সামাজিক নিরাপত্তা ও মানবিক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ থেকে এখন পর্যন্ত কার্যক্রমের ইতিবাচক ও সাফল্যের তথ্য তুলে ধরেন।

'করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ' শিরোনামের বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের এ প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিনিয়র জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হোসেন সহ ফরিদপুর জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে) এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ সহ জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/মে ১৩, ২০২৬)