প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
২০২৬ মে ১৩ ১৯:১৩:১২
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহমুদুল হাসান, আজমীর হোসেন, আব্দুস সামাদ, মোহাম্মদ আজহারুল ইসলাম এবং কাজী আশরাফুল হাসান।
এ সময় বিভিন্ন এনজিও সংস্থার নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো রোগ নয়; এটি শিশুর বিকাশজনিত একটি সমস্যা। সমাজে অটিজম নিয়ে এখনও কিছু নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। বক্তারা অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও ভালো ব্যবহার করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিশ্বের অনেক খ্যাতিমান ব্যক্তি অটিজম আক্রান্ত হয়েও সাফল্যের মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছেন। তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়াতে এবং এ বিষয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন বক্তারা।
(ডিসি/এসপি/মে ১৩, ২০২৬)
