প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে দুই নারী ও শিশুসহ তিন লাশ উদ্ধার
২০২৬ মে ১৫ ১৩:৪০:১৬
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি :ফরিদপুরে দু'টি পৃথক স্থান হতে দুই নারী ও এক শিশু সহ একই দিনে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদের মধ্যে ফরিদপুর সদর উপজেলা এলাকার একটি মাটির গর্ত থেকে এক নারী ও একটি শিশু এবং সদরপুর উপজেলা এলাকা থেকে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের (৫ নম্বর ওয়ার্ড) আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা একটি মাটির গর্তের ভেতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনা সম্পর্কে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, এক নারী কুলসুম ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে দেখেন, মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি বের হয়ে আছে। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩০-৩৫) ও এক কন্যাশিশুর (৩-৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দুটি কোন থানায় নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি জানিয়েছে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
এর আগে, বৃহস্পতিবার সকালে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রাম থেকে কমেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। মৃত কমেলা বেগম দক্ষিণ শৌলডুবী গ্রামের মৃত আহম্মেদ খানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ (বৃহস্পতিবার) ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে ওঠেন কমেলা বেগম। পরে দীর্ঘ সময় নামাজের ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশী শিশু সিজান (৭) দরজার ছিদ্র দিয়ে তাকিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে মৃতার ছেলে মো. নাঈম (২২) দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার মাকে নামাজের চৌকির পাশে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে সদরপুর থানার এসআই (নি.) মো. আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।
ঘটনাটি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহটি উদ্ধার সেটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল এ ঘটনার তদন্ত করছে পুলিশ বলেও জানান ওই থানার ওসি মামুন শাহ।
(আরআর/এএস/মে ১৫, ২০২৬)
