প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
‘সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না’
২০২৬ মে ১৫ ১৬:৩০:২৮
রাজন্য রুহানি, জামালপুর : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি বলেছেন, সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না। আমাদেরকে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে।
তিনি বলেন, জেলার মানুষ জামালপুর জেনারেল হাসপাতালে সঠিকভাবে চিকিৎসাসেবা পাচ্ছে না। হাসপাতালে গড়ে ওঠা সিন্ডিকেট গোটা হাসপাতালকে জিম্মি করে রেখেছে।
১৪ মে বৃহস্পতিবার রাত ৮টায় জামালপুর প্রেসক্লাবে সাংবাদিকদের পক্ষ থেকে তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
এমপি আরও বলেন, জামালপুর আমার শেকড়ের জায়গা। এ জেলার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করে। আমি জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।
তিনি বলেন, আমি আপনাদেরই লোক, গণমাধ্যমে বিশেষ করে টেলিভিশনের টকশোতে আমার নিয়মিত পদচারণা রয়েছে। সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি। আমার সাংবাদিক ভাইয়েরা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের দেখানো পথে কাজ করতে চাই।
তিনি জামালপুরের নকশিকাঁথাসহ নানা সমস্যায় বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য এন এন তাপস পাঠান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরুজ মিয়া, সাংবাদিক সাযযাদ আনসারী, বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু ও শওকত জামান।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ড. নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও টকশোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জামালপুরবাসী গর্বিত।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
(আরআর/এএস/মে ১৫, ২০২৬)
