প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু
২০২৬ মে ১৫ ১৮:৪১:৫৭
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে বৃষ্টির মধ্যে ধানের আঁটি তোলার সময় বজ্রপাতে মজনু মিয়া (২৭) নামে এনসিপি ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাট মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি অনার্স পরীক্ষা দিয়েছেন।
নিহত মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে মজনু মিয়া তার মা ও এক ভাইকে নিয়ে ধানের আঁটি জড়ো করছিলেন। আঁটি আনতে মা ও ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে গেলে তার কাছেই বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, বজ্রপাতে মজনু মিয়া নামে এক ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
(আরআর/এসপি/মে ১৫, ২০২৬)
