ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

২০২৬ মে ১৬ ১৮:৩০:০০
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত নারী সীমা সরকার (৪০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। তারা দুজন সম্পর্কে দেবর-বৌদি।

আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম শেখ (৩৫) আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে মানিক সরকার বৌদি সীমা সরকারকে নিয়ে পিরোজপুর থেকে রওনা দিয়ে মোটরসাইকেলে চালিয়ে টুঙ্গিপাড়া হয়ে বরিশালের গৌরনদী যাচ্ছিলেন। তারা টুঙ্গিপাড়ার জোয়ারিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়ার মাঝবাড়ি থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক মানিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাভার্ডভ্যান চালক শামীম শেখকে আটক করে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(বি/এসপি/মে ১৬, ২০২৬)