ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০২৬ মে ১৬ ১৯:১৯:২১
ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং টেকসই শান্তি বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার শহরের এসডিসি (SDC) কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাসিন’ ও ‘বাংলাদেশ নারী প্রগতি সংঘ’ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে এবং ‘ইউএন উইমেন’ (UN Women)-এর সহায়তায় এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমি। অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এবং বিএনপিএস-এর উপ-পরিচালক নাসরিন বেগম।

দিনব্যাপী এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন, কোতয়ালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল্লাহ বিশ্বাস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার।

এছাড়াও আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, শহর সমাজসেবা কর্মকর্তা এস. এম. সুজাউদ্দিন রাশেদ, ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, এফডিএ-এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এবং বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বিরসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও কমিউনিটির প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্থানীয় সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেন। একই সাথে সমাজে ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি বৈষম্যহীন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

(ডিসি/এসপি/মে ১৬, ২০২৬)