ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

স্ত্রীর চিকিৎসায় ঋণগ্রস্ত হয়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মহত্যা করেন চিন্ময় শিকদার

২০২৬ মে ১৯ ১৯:১৮:০৪
স্ত্রীর চিকিৎসায় ঋণগ্রস্ত হয়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মহত্যা করেন চিন্ময় শিকদার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে ৮ মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের ঘটনার জট খুলেছে। স্ত্রীর চিকিৎসায় ঋণগ্রস্থ হয়ে চিন্ময় শিকদার স্ত্রীকে হত্যার পর সন্তান নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এছাড়াও চাচাতো বোন নয়, সৎ মায়ের বাসায় ঘটেছে এই ঘটনা।

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা এই তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় সাড়ে ৩ বছর ধরে ভাড়া থাকেন মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার যতিন শিকদার ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকেলে মিষ্টি বাড়ৈ এর সৎ ছেলে (যতিন শিকদারের প্রথম স্ত্রীর ছেলে) চিন্ময় শিকদার, তার স্ত্রী ইসরাত জাহান সাউদা ও ৮ মাসের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মাদারীপুরে আসেন। পরে সৎ মা মিষ্টির বাসায় ওঠেন তারা। রাতের খাবার খেয়ে রুমের দরজা বন্ধ করে দেয় চিন্ময়। পরে চিন্ময় ও তার স্ত্রী-সন্তানের কোন সাড়াশব্দ না পেলে মধ্যরাতে পুলিশের জরুরি সেবা ত্রিপল লাইনে কল দেন মিষ্টি। ঘরের দরজা ভেঙ্গে সোমবার ভোরে ৮ মাসের শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে তাদের তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পুলিশ আরো জানায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া ইউনিয়নের মাসকা গ্রামের এরশাদ মিয়ার মেয়ের ইসরাত জাহান সাউদাকে প্রেমের সম্পর্কের কারণে বিয়ে করেন মাদারীপুরের চিন্ময় শিকদার। বিয়ের পর ইসরাত জাহান সাউদার নাম রাখা হয় ইশা। দীর্ঘদিন ধরে ইশা শ্বাসকষ্টজনিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসার পেছনে ১২ থেকে ১৫ লাখ টাকা খরচ করে চিন্ময়। ধারদেনা হওয়ায় মাসনিক যন্ত্রণা থেকে বাঁচতে প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে ৮ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে বৈদ্যুতিকপাখার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে এই তথ্য পেয়েছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনা আরো পরিষ্কার হবে বলে পুলিশ জানান।

(এএসএ/এসপি/মে ১৯, ২০২৬)