ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০২৬ মে ২০ ১৩:৪৯:৪৯
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা।

এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জয় পায় বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল।

এই জয়ের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে, যেখানে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।

(ওএস/এএস/মে ২০, ২০২৬)