ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গৌরনদীতে বজ্রপাতে দুইজন নিহত 

২০২৬ মে ২১ ১৯:৩৯:৫৮
গৌরনদীতে বজ্রপাতে দুইজন নিহত 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির আহমেদ জানিয়েছেন, মৃত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নিহতরা হলেন-ভীমেরপাড় গ্রামের মৃত আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। একইসাথে হাসপাতালে আনা গুরুতর আহত দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভীমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন ওই তিনজন। বৃহস্পতিবার দুপুর দুইটারদিকে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনীতে আশ্রয় নেয়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং গোপাল গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

(টিবি/এসপি/মে ২১, ২০২৬)