প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
‘গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না’
২০২৬ মে ২১ ১৯:৪১:৫৪
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে. এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা তিন এমপি কথা বলেছি। তিনি (প্রধানমন্ত্রী) স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকে বলে দিয়েছেন গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজ করার জন্য বিশেষ বরাদ্দ দেয়ার জন্য। সাড়ে তিন’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে গোপালগঞ্জে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রকল্প গ্রহন করবো।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শহরের পাঁচড়িয়া খাল ও শহর মধুমতি নদীর সংযোগস্থলে বহু কাংখিত ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাঃ কে. এম বাবর আরো বলেন, আমরা নির্বাচিত হওয়ায় মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। আশাকরি, একটি সুন্দর বাসযোগ্য গোপালগঞ্জ উপহার দিতে পারবো।
এসময় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো,জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানাগেছে, ২৫.৭৪ মিটার দৈঘ্যের আর ১৩.২৫ মিটার প্রস্থের ব্রীজটি নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৪০ লক্ষ টাকা।ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহর সহ আশপাশের মানুষ উপকৃত হবেন।
প্রসঙ্গ, গত সরকারের সময় পাচুরিয়া খালের সাথে শহর মধুমতি নদীর সংযোগ স্থাপন করা হয়। সংযোগস্থলে ব্রিজ নির্মাণের কাজ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ সাড়ে তিন বছর ঝুলে ছিল।
(টিবি/এসপি/মে ২১, ২০২৬)
