প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
২০২৬ মে ২২ ১৮:০৭:০১
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেঁটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজসংলগ্ন চর জসিম উদ্দিন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহীদ বাউল ও মো. মোক্তার হোসেন গ্রুপের সঙ্গে সুরুজ্জামান সরকার গ্রুপের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকজন আহত হন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সিরাজদিখানের বালুচর ও লতব্দী ইউনিয়নের চরাঞ্চলে জমিজমা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(এমকে/এসপি/মে ২২, ২০২৬)
