প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু, ঝণগ্রস্থ বেপারীর কান্না
২০২৬ মে ২২ ১৮:১৬:৫০
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ গরু ব্যবসায়ীরা (ব্যাপারী) হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের মৃত দুলাল বেপারীর ছেলে রানা বেপারী এবং মশাং গ্রামের সামসুল হকের ছেলে লিটন বেপারী। এসময় লিটন বেপারীর ছেলে সৈকত বেপারীও ট্রাকে ছিলেন।
গরু ব্যবসায়ী লিটন ব্যাপারী বলেন, আমরা ২ ব্যাপরী চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাট থেকে বৃহস্পতিবার দুপুরে ৮ টি গরু ক্রয় করি। গরুগুলো ট্রাকে করে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে নিয়ে যাচ্ছিলাম। কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ৪টি গরু মারা যায়। পরে স্থানীয় লোকজন ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ৪ টি গরু জীবিত উদ্ধার করেন।
তবে ট্রাকে থাকা কেউ আহত হননি জানিয়ে গরু ব্যবসায়ী জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক নজরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। মারাযাওয়া ৪টি গরুর মূল্য প্রায় ১১ লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে লাভের আশায় ঋণ করে গরুগুলো কিনেছিলেন তারা।
কান্নাজড়িত কণ্ঠে রানা বেপারী বলেন, “মানুষের কাছ থেকে ঋণ আর ধার করে গরুগুলো কিনছিলাম। ভাবছিলাম ঈদের হাটে বিক্রি করে কিছু লাভ হবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কিভাবে শোধ করবো বুঝতে পারছি না। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। সারারাত রাস্তায় ছিলাম। আর একটু হলেই হাটে পৌঁছে যেতাম। আল্লাহ বাঁচাইছে, আমরা বেঁচে আছি। কিন্তু গরুগুলা মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে।”
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লি নেয়ামত উল্লাহ বলেন, “ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যাই। দেখি ট্রাক খালে পড়ে গেছে আর গরুগুলো পানিতে ছটফট করছে। পরে স্থানীয় লোকজন মিলে উদ্ধার কাজ শুরু করি। দৃশ্যটা খুবই হৃদয়বিদারক ছিল।”
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, “নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে ছিলেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে ৪ টি গরু মৃত অবস্থায় উদ্ধার করি এবং জীবিত ৪টি গরু নিরাপদে বের করে আনি।
তবে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
(টিবি/এসপি/মে ২২, ২০২৬)
