প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মাদক ও চুরি প্রতিরোধে যুব সমাজ
২০২৬ মে ২২ ১৮:২৫:২৩
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বাশুড়িয়া। ওই গ্রামে মাদক ও ছোটখাটো চুরি প্রতিরোধে ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় যুব সমাজ। গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে তারা কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাতে ওই গ্রামের যুব সমাজ মতবিনিময় ও সচেতনতামূলক সভার আয়োজন করে।
এ উদ্যোগে নেতৃত্ব দেন বাশুড়িয়া গ্রামের যুবক তুহিন শেখ। মতবিনিময় সভায় বক্তব্য দেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, বর্ণি ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল, বর্ণি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রইস শেখ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি ও সচেতন এলাকাবাসী।
সভায় বক্তারা বলেন, “আজ থেকে বাশুড়িয়া গ্রামে কোনো ধরনের মাদক ব্যবসা, সেবন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন—সে নিজের ভাই, আত্মীয় কিংবা পরিবারের সদস্য হলেও তাকে ছাড় দেওয়া হবে না।”
বক্তারা আরও বলেন, বর্তমানে মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। যুব সমাজ ঐক্যবদ্ধ থাকলে গ্রাম থেকে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দা রমজান শেখ, সাকিব হোসেন, ইমরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সচেতন মহল বিভিন্নভাবে কাজ করে আসছে। তবে যুব সমাজের এমন দৃঢ় অবস্থান সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সবাই মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
(টিবি/এসপি/মে ২২, ২০২৬)
