প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নদীতে গোসলে নেমে বোনের মৃত্যু, ভাইকে জীবিত উদ্ধার
২০২৬ মে ২২ ১৯:০৪:৩৩
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে শিশু ভাইবোন নদীতে গোসল করতে নেমে তলিয়ে গেলে নয় বছর বয়সী লিজা মনিকে মৃত এবং এগারো বছর বয়সী রিয়াদকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা।
আজ শুক্রবার দুপুরে উপজেলার মহিষবাথান এলাকায় ঝারকাটা নদীতে গোসল করতে নেমে ওই শিশু দু’জন পানিতে তলিয়ে যায়। তারা ওই এলাকার রবিউল ইসলামের কন্যা।
নিহতের পরিবারের লোকজন জানায়, সবার অগোচরে বাড়ির পাশে ঝারকাটা নদীতে দুপুরে গোসল করতে নামে লিজা ও রিয়াদ। হঠাৎ পানিতে তলিয়ে যায় তারা। আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিয়াদকে জীবিত ও লিজাকে মৃত উদ্ধার করে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দল।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযানে রিয়াদ নামে এক শিশুকে জীবিত এবং লিজা নামের এক শিশুকে মৃত উদ্ধার করা হয়।
(আরআর/এসপি/মে ২২, ২০২৬)
