প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জন দুর্ভোগ, বিশৃঙ্খলা
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
২০২৬ মে ২৩ ১৯:১৯:৩০
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালে প্রবেশের রাস্তার দুই পাশে কোনো রকম অনুমোদন ছাড়া সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধ দখল করে বাস মালিকেরা কাউন্টার বসিয়েছেন। যদিও ওই টার্মিনালে ভিতরে আদালা বাস রাখায় যায়গার পাশাপাশি রয়েছে কাউন্টারও। তথাপিও টার্মিনালের শৃঙ্খলা ভেঙ্গে টার্মিনালটির প্রবেশ মুখ দখল করে এসব অবৈধ বাস কাউন্টারগুলো গড়ে উঠেছে। ওই অবৈধ কাউন্টারগুলো থেকে আবার বাস দাঁড়িয়ে যাত্রী তোলা হয়। এতে রাস্তাটি সব সময় দখলে থাকে অবৈধ দখলবাজদের। যাতে যাত্রী ভোগান্তির পাশাপাশি ওই টার্মিনালে বাস প্রবেশ বা বাহির হতে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় অন্যান্য বাসের।
বরিশাল সড়ক বিভাগে এসব বিষয়ে অবগত থাকলেও শুধুমাত্র আশ্বাসেই সীমাবদ্ধ আছেন তারা। এ বিষয়ে বরিশাল সড়ক বিভাগে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে জানিয়ে দ্রুত অভিযান চালিয়ে সড়ক বিভাগের বেদখল হয়ে যাওয়া জায়গাগুলো উদ্ধার করবে বলে উত্তরাধিকার ৭১ নিউজ'কে জানিয়েছেন বরিশাল সড়ক ও জনপথ বিভাগ, সড়ক সার্কেল-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান।
তিনি জানান, নথুল্লাবাদ টার্মিনালে প্রবেশের রাস্তার দুই পাশে আমাদের সড়ক বিভাগের জায়গা অবৈধভাবে দখন হয়ে গেছে, এ বিষয়টি আমরা অবগত আছি৷ অনেকগুলো অভিযোগের পর এ বিষয়টি নিয়ে এতোদিন কাজ করেছে বরিশাল সড়ক ও জনপথ বিভাগ। আমরা আমাদের জমি উদ্ধারের সমস্ত প্রস্তুতি আমরা শেষ করে রেখেছি। ইতিমধ্যে এ বিষয়ে অভিযান পরিচালনা করতে বরিশাল জেলা প্রশাসক (ডিসি) বরাবর ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার কারণে ম্যাজিস্ট্রেট একটু দেরি হয়েছে। এখন সমস্যা হবে না।
প্রকৌশলী মাসুদ আরও জানান, এখন যে কোনো দিন একটি যৌথ অভিযান পরিচালনা মাধ্যমে নথুল্লাবাদ টার্মিনালের সামনের রাস্তার দু'পাশের অবৈধভাবে গড়ে উঠা কাউন্টারগুলো উচ্ছেদ করে সড়ক বিভাগের জায়গা দখলমুক্ত করা হবে।' কিন্তু ঠিক কবে হবে সেটি জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন -এর সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল উত্তরাধিকার ৭১ নিউজ'কে জানান, টার্মিনালের বাইরের রাস্তায় কেনো কাউন্টার তৈরি হয়েছে তা বাস ওই বাস মালিকেরাই বলতে পারবেন। আর ওসব সরকারি জায়গা কিনা সেটিও আমার জানা নাই। সরকারের জায়গা হলে সরকার উদ্ধার করলে শ্রমিক ইউনিয়ন বাধা দিবে না। এছাড়া, পদ্মা সেতু উদ্বোধনের পর বাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টার্মিনালের বাইরে এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলেও জানান শ্রমিক নেতা মোস্তফা কামাল।
(আরআর/এসপি/মে ২৩, ২০২৬)
