ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

সর্বস্ব জুড়ে তুমি

২০২৬ মে ২৫ ১৮:২৩:৫২
সর্বস্ব জুড়ে তুমি












মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

মনে জ্বলে নরম আগুন, তোমার নামেই ভোরের আলো,
তুমি ছুঁলেই বুকের ভেতর ভেঙে পড়ে গভীর আঁধার কালো।

তোমার কথা ভাবলেই হৃদয় কেঁপে ওঠে বারবার,
যেন নিঃশ্বাসের ভেতর বাজে তোমারই নামের হাহাকার।

তুমি ডাকলে নাম ধরে বুকের গভীরে ঝড় ওঠে,
হারানো আমি ফিরে পাই নিজেকে তোমারই পথে।

চোখে চোখ পড়লেই থেমে যায় সময়ের চলা,
ভালোবাসার নিঃশব্দে জেগে ওঠে হৃদয়ের বলা।

তুমি পাশে থাকলেই পৃথিবী হয়ে যায় অন্য রকম গান,
সব ক্লান্তি মুছে গিয়ে জেগে ওঠে প্রেমের প্রাণ।

তোমার হাসির ভেতর লুকিয়ে থাকে বাঁচার ইশারা,
তোমার ছোঁয়াতেই আমার সব ব্যথা হয়ে যায় সারা।

তোমার চোখে দেখি আমি স্বপ্নের অনন্ত আকাশ,
যেখানে হারিয়ে গেলে খুঁজে পাই ভালোবাসার নিঃশ্বাস।

মন চায় তোমার কাঁধে মাথা রেখে চিরদিন ডুবে যাই,
এই জীবন, এই পৃথিবী—সব কিছু তোমাতেই মিলিয়ে পাই।


কবি পরিচিতি

কবি আব্দুল্লাহ আল মামুন লাভলু সমকালীন বাংলা কবিতার এক স্বতন্ত্র, সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর কবিতায় অবহেলিত, বঞ্চিত ও শ্রমজীবী মানুষের নীরব আর্তনাদ যেমন গভীরভাবে উঠে আসে, তেমনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক তীক্ষ্ণ মানবিক প্রতিবাদ রূপক ও চিত্রকল্পে প্রকাশ পায়।
সংক্ষিপ্ত অথচ শক্তিশালী শব্দচয়নে তিনি সমাজবাস্তবতার কঠিন সত্যকে কাব্যিকভাবে তুলে ধরেন। মানবতা, সত্যনিষ্ঠা ও নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতাই তাঁর লেখনীর মূল শক্তি।

সমকালীন কবিতার ভুবনে তিনি ধীরে ধীরে নিজের স্বতন্ত্র প্রতিবাদী কাব্যভাষা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে দৃঢ় অবস্থান তৈরি করছেন।এক কথায়, তিনি নীরব বঞ্চনার মুখে উচ্চারিত এক দৃঢ় কাব্যকণ্ঠ।