প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
২০২৬ মে ২৫ ১৯:২৬:০৪
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পৈতৃক জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় মাধাই সরকার নামের এক ব্যক্তিকে মারপিট করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের কুলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
কুলাটি গ্রামের ভক্তপদ সরকারের ছেলে মাধাই সরকার জানান, সুসম্পর্ক থাকার কারণে পরে টাকা দেওয়ার কথা বলে তার বাবার কাছ থেকে সম্প্রতি সাড়ে তিন শতক জমি লিখে নেয় গয়েশপুর গ্রামের হিমচাঁদ মোড়লের ছেলে আমিরুল ইসলাম। পরবর্তীতে টাকা চাইতে গেলে বাবাকে মারপিট করে আমিরুল। রবিবার সকাল ১০টার দিকে আমিরুল ইসলামের বাড়ির পশ্চিম পাশ দিয়ে আইনুরের দোকানের পাশ দিয়ে উত্তরমুখী একটি সরকারি ইটসোলিং এর রাস্তা নির্মাণ করছিলেন ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর মনোনীত ব্যক্তি কুলাটি শ্ররিামপুর গ্রামের শফিকুল ইসলাম। তিনি যথাযথভাবে রাস্তা তৈরি না করে হঠাৎ করে আমিরুলের জমির উপর দিয়ে তাদের পুকুর পাড়ের জমির কিছু অংশ দখল করে ইট বসানো শুরু করলে তিনি বাধা দেন। আমিরুলের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে তারই যাতায়াতের সুবিধার্থে শফিকুল তাদের (মাধাই) জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে কুলাটি -শ্রীরামপুর রাস্তায় উঠতে এ উদ্যোগ নেয় আমিরুল। তার জমির উপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দিলে আমিরুল তাকে মারপিট করে । বিষয়টি তাৎক্ষণিকভাবে ভোমরা ইউপি চেয়ারম্যান ইজরাইল গাজীকে লিখিতভাবে জানানো হয়। চেয়ারম্যান ঈদের ছুটির পর পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বললে তিনি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এরপরও বাকী রাস্তার কাজ করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে আমিরুল ইসলাম।
এ ব্যাপারে সোমবার দুপুরে সরেজমিনে ঘটনান্থলে গেলে আমিরুল ইসলাম বলেন, চলাচলের সুবিধার্থে তিনি স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে শফিকুলকে দিয়ে এ কাজ করিয়েছেন।
ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, মাধাই সরকারের জমির উপর দিয়ে সরকারি কোন ইটে রাস্তা নির্মাণ করা হলে ঈদের ছুটি পরবর্তী মাপ জরিপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(আরকে/এসপি/মে ২৫, ২০২৬)
