প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
যমুনা সেতুতে গত একদিনে টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ টাকা
২০২৬ মে ২৬ ২৩:০২:০২
টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে শেষ সময়ে উত্তরের ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।ফলশ্রুতিতে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২শ’ টাকা।
মঙ্গলবার যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল আদায় চালু করার চেষ্টা করছি।
(এসএএম/এএস/মে ২৬, ২০২৬)
