ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘গোপালগঞ্জে জুলাই মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরন শুরু হবে’

২০২৬ মে ২৬ ২৩:২৯:২১
‘গোপালগঞ্জে জুলাই মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরন শুরু হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রায় ৫০ হাজার পরিবারকে তিনি ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসেছেন। যার মাধ্যমে প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সরকারি অনুদান পাবে। আগামী জুলাই মাস থেকে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে।

মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ার সিমান্তবর্তী পারকুশলী সিঙ্গারকুল বর্ণী নকড়িচর মিফতাহুল উলুম মাদ্রাসার মমতাজ আব্দুল আলী খান ভবনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে প্রথম কাজ হবে কৃষকদের পাশে দাঁড়ানো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষমতায় এসেই তিনি কৃষকদের দশ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। এছাড়া কৃষি কার্ডের মাধ্যমে কৃষকেরা সহজ শর্তের ঋণ পাবে, কম দামে কৃষি উপকরণ কিনতে ও কৃষিপণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। নির্বাচনের ভোটের কালি এখনো শুকায়নি, তার আগেই তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে দিয়েছেন।

তিনি আরও বলেন, ডিপ টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প ও পানির কলের অতিরিক্ত ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। এজন্য খাল খনন অত্যন্ত প্রয়োজন। খালে পানি ও নাব্যতা থাকলে ভূগর্ভস্থ পানির স্তরও ঠিক থাকবে। তাই সারা দেশে খাল খননের কাজও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করে দিয়েছেন।

এর আগে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ার সিমান্তবর্তী পারকুশলী সিঙ্গারকুল বর্ণী নকড়িচর মিফতাহুল উলুম মাদ্রাসার মমতাজ আব্দুল আলী খান ভবনের উদ্বোধন করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের (সদর-কাশিয়ানী আংশিক) সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য সচিব সোহেল মাহাবুবুর রহমান সোহেল, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমূখ।

(টিবি/এএস/মে ২৬, ২০২৬)