প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
থানায় অভিযোগ
মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
২০২৬ মে ৩০ ২৩:২৯:০৫
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের পল্লীতে 'মব সৃষ্টি' করে এক ব্যক্তির বসতভিটার উঠানের মাটি জোরপূর্বক কেটে চলাচলের রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। শনিবার (৩০ মে) সদর উপজেলার ভদ্রভিলা ইউনিয়নের জিকিরা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, জিকিরা গ্রামের মনিরুল ইসলাম তার ভাইয়ের কাছ থেকে পাঁচ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে তিনি নিজের রেকর্ডভুক্ত জমি থেকে তিন ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দেন। তবে স্থানীয় আলামিন, কালাম সিকদার, কামাল হোসেন, রিপন মাস্টার ও শফিকের নেতৃত্বে আরও দুই ফুট জায়গা রাস্তার জন্য দাবি করা হয়।
মনিরুল ইসলাম জানান, তিনি অতিরিক্ত দুই ফুট জায়গা পাশের জমির মালিকের কাছ থেকে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে অভিযুক্তরা দাবি করেন, পাশের জমি থেকে জায়গা নিলে রাস্তা বাঁকা হয়ে যাবে। একপর্যায়ে তারা লোকজন জড়ো করে তার বাড়ির সামনে মব সৃষ্টি ( সঙ্ঘবদ্ধ জনতার উশৃঙ্খল আচরণ) করেন এবং জোরপূর্বক বসতভিটার উঠানের মাটি কেটে ফেলেন।
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এই জমিতে বসবাস করছি। শনিবার সকালে আলামিন, কালাম, কামাল, রিপন মাস্টার ও শফিকের নেতৃত্বে কয়েকজন লোক আমার বাড়িতে এসে আমাকে ও আমার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে উঠানের মাটি কেটে ফেলেছে। আমি একজন অসহায় মানুষ। আমার রেকর্ডভুক্ত সম্পত্তি ও জানমালের নিরাপত্তা চাই।’
এ বিষয়ে অভিযুক্ত আলামিন, কালাম ও কামাল বলেন, ‘গ্রামবাসীর চলাচলের সুবিধার জন্য গ্রামের লোকজন একত্রিত হয়ে রাস্তার কাজ করেছে। মনিরুল ইসলামকে আগেই রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা করেননি।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(আরএম/এসপি/মে ৩০, ২০২৬)
