প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পররাষ্ট্রনীতিতে জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : এমপি মামুন
২০২৬ মে ৩১ ১৯:০৮:৪১
রাজন্য রুহানি, জামালপুর : পররাষ্ট্রনীতিতে জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে সার্ক প্রতিষ্ঠা ও ওআইসিকে কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
আজ রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের এমপি এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।
এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন পরিশ্রমী, দুরদর্শী ও জনবান্ধব রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমান সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশতেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চল সফরের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের ভিত্তি স্থাপনে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর দূরদর্শী উদ্যোগের ফলেই আজ লাখো মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং দেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপি বরাবরই কার্যকর ভূমিকা পালন করেছে।
সভায় তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, আত্মকর্মসংস্থান, নারী উন্নয়ন ও যুব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন জিয়াউর রহমান। তাঁর সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায় এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।
অনুষ্ঠানে জিয়া পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/মে ৩১, ২০২৬)
