ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪

২০২৬ মে ৩১ ১৯:১৬:০৫
ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কো পাঁচটি দূর্ঘটনা ঘটেছে। পৃথক দুর্ঘটনায় মোট ৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। গত ২৫ মে থেকে ৩১ মে সকাল পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পৃথক দুর্ঘটনায় মা-বাবার সঙ্গে সন্তানসহ একই পরিবারের তিনজনের প্রাণ গেছে। এছাড়াও আরেক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার (২৬ মে) চার বছর পর স্ত্রী ও ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ঈদে বাড়ি ফিরছিলেন উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯)। পথিমধ্যে দুপুরে সাড়ে বারটার দিকে গৌরনদী উপজেলার মহাসড়কের বাটাজোর বাসষ্ট্যান্ডে যানজটের কারনে মোটরসাইকেল থামিয়ে রাখেন। এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ সহ তার স্ত্রী মনিরা বেগম এবং কন্যা জান্নাত আক্তার (৪) নিহত হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে।

অপরদিকে শনিবার (৩০ মে) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় যাত্রীবাহি লাবিবা গ্রুপের আহনাফ পরিবহনের ধাক্কায় উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) নিহত হয়েছে।

তিনি আরও বলেন, পৃথক দূর্ঘটনায় নিহতদের উদ্ধার করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(টিবি/এসপি/মে ৩১, ২০২৬)