ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

২০২৬ জুন ০২ ১৯:০৩:৪৪
নড়াইলে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ রায়হান মীর (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ মঙ্গলবার সকালের দিকে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে ৪টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগ উজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশু রায়হান মীর লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকখাবাড়ি গ্রামের বালু ব্যবসায়ী জান্নাত মীরের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকখাবাড়ি সমিতির ঘাট নামক এলাকায় নবগঙ্গা নদীতে গোসল করতে যায় রায়হান মীর নামে ওই শিশুসহ আরও ২/৩ জন শিশু। পরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। এরপর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খুলনা থেকে ডুবুরি দল বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান চালায় এর ঠিক ৩০ মিনিট পর রায়হান মীরের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অভিযান চালায়। অভিযান চলার প্রায় ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে শিশু বাচ্চাটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর শিশুটির মরদেহ স্থানীয় মেম্বারের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(আরএম/এসপি/ জুন ০২, ২০২৬)