ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশায় ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

২০২৬ জুন ০২ ১৯:২১:৪৮
পাংশায় ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

আজ মঙ্গলবার সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির ছাদ থেকে রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে।

পাংশা সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। এসময় রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। ধারণা করা হচ্ছে ট্রেনটি কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(একে/এসপি/ জুন ০২, ২০২৬)