ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব ঢাকায় গ্রেপ্তার

২০২৬ জুন ০৩ ১৯:৫৪:৫৮
ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব ঢাকায় গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর কোতয়ালী থানার ধর্ষণসহ পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি হাসিব চৌধুরী (২১)’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া আটটার দিকে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামি হাসিব চৌধুরী (২১), পিতা- লিটন চৌধুরী, সাং- মোল্লারহাট, থানা- হিজলা, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।

আজ বুধবার সকালের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আসামি হাসিব চৌধুরী (২১) ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। অত:পর গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে দুপুর আনুমানিক আড়াইটার দিকে আসামি হাসিব চৌধুরী (২১) ভিকটিম’কে ঘুরতে যাওয়ার কথা বলে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চরকমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং ধষর্ণের ভিডিও ও ছবি তার ব্যবহৃত মুঠোফোনে ধারণ করে ও সংরক্ষণ করে।

পরবর্তীতে উক্ত ধারণকৃত ভিডিও ও ছবি ওয়েবসাইটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিমের নিকট ১০ লক্ষ টাকা দাবি করে।

ভিকটিম টাকা দিতে রাজি না হওয়ায় ধারণকৃত ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছেড়ে দেয়।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে ফরিদপুর কোতয়ালি থানার মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। ওই অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। এসময় আসামির নিকট হতে দু'টি স্মার্টফোন, দুটি আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের চারটি এটিম কার্ড এবং একটি ইলেক্ট্রিক ভ্যাপ উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

(আরআর/এসপি/ জুন ০৩, ২০২৬)