প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
২০২৬ জুন ০৪ ১৯:৪৯:২৪
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এফসিপিএস নীতিমালা সংশোধন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে সমানে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ডা.সাজিদ শাহাজাহান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডা. মোরশেদ, ডা. রানা, ডা. সিফাত, প্রসূন সরকার,তাসনিম বিনতে আসাদ,তন্দ্রা ঘোষ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত চিকিৎসক সমাজের মধ্যে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি করেছে। বিশেষ করে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের বেতন বৈষম্য এবং দুই বছর উপজেলা পর্যায়ে পোস্টিংয়ের প্রস্তাব চিকিৎসকদের প্রশিক্ষণ ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া বিভিন্ন সময়ে দেশের চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণে ঘাটতি রয়েছে। ফলে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন সাত দফা দাবি উত্থাপন করেছে।
তারা আরো বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এসব দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী শনিবারের মধ্যে দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া না হলে চিকিৎসক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালার প্রস্তাবনা বাতিল। ২. বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষার ফি হ্রাস ৩. বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা পুনরায় ৩৪ বছর নির্ধারণ করা, ৪. স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ৫. ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধি, ৬. মানহীন মেডিকেল কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়ন ৭. বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।
(আরকে/এসপি/ জুন ০৪, ২০২৬)
