ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন’ তারিখ থাকায় বনরুটির গাড়ি থানায় জব্দ

২০২৬ জুন ০৬ ১৯:০০:৩৯
মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন’ তারিখ থাকায় বনরুটির গাড়ি থানায় জব্দ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার বাকাল চেকপোস্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমের খাবার বহনকারী একটি গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখ উল্লেখ থাকা বনরুটি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে গাড়িটি আটক করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাকাল চেকপোস্ট পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহের জন্য মিড-ডে মিলের খাবার নিয়ে গাড়িটি যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন গাড়িতে থাকা বনরুটির মোড়কে উৎপাদনের তারিখ দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে তারা গাড়িটি আটকে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে গাড়িটি সাতক্ষীরা সদর থানার হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(আরকে/এসপি/ জুন ০৬, ২০২৬)