প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেনতামূলক র্যালি
২০২৬ জুন ০৬ ১৯:১১:১৭
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুাংপশ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে সর্বসাধারণের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। র্যালি শেষে লার্ভা ধ্বংসকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানির স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। তিনি সকলকে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করেন।
এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া প্রতি শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদে ডেঙ্গু প্রতিরোধে ঈমামদেরকে মুসুল্লিদের উদ্দেশ্যে সচেনতামূলক বক্তব্য রাখার আহবান জানানো হয়।
(এমকে/এসপি/ জুন ০৬, ২০২৬)
