ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা

২০২৬ জুন ০৮ ১৮:৪৫:৫৩
সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা

সালথা প্রতিনিধি : “রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা এবং দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মিরাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী এবং সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ।

এসসয় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা ও সততার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মিরাজ আলী বলেন, “শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।”

প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে। জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল পর্বে নারানদিয়া জয়নুদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় পক্ষে এবং সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অংশ নেয়। বিচারকদের মূল্যায়নে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নারানদিয়া জয়নুদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(এএন/এসপি/জুন ০৮, ২০২৬)