ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা

২০২৬ জুন ০৮ ১৮:৫৩:০৪
বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর পর্দা উঠতে আর মাত্র তিন দিন বাকি। বৈশ্বিক এই ফুটবল মহাযজ্ঞকে ঘিরে ফরিদপুরে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বিশেষ করে শহরের নিউ মার্কেট এলাকায় বিভিন্ন দেশের জাতীয় পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় দর্জিরা। সমর্থকদের ব্যাপক চাহিদা মেটাতে দিন-রাত চলছে পতাকা তৈরির কাজ।

খোঁজ নিয়ে জানা গেছে, আকার ও মানভেদে পতাকার দাম নির্ধারণ করা হচ্ছে। ছোট আকারের পতাকা ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও বড় আকারের পতাকার মূল্য পৌঁছেছে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। বিশ্বকাপকে কেন্দ্র করে বাড়তি কাজের চাপে এখন কর্মচাঞ্চল্য ফিরেছে দর্জিপাড়ায়।

নিউ মার্কেটের দর্জি শামসুল হক জানান, বর্তমানে তিনি ৫০ ফুট দৈর্ঘ্যের ব্রাজিলের একটি পতাকা তৈরি করছেন, যার মূল্য ২ হাজার ৫০০ টাকা। একই দামে আর্জেন্টিনার পতাকাও তৈরি করেছেন। তিনি বলেন, “বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি হওয়ায় এ দুই দেশের পতাকার চাহিদাও সবচেয়ে বেশি।”

তিনি আরও জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন ও মরক্কোর পতাকাও তৈরি করছেন। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকারও ভালো চাহিদা রয়েছে।

শামসুল হক বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার পর যদি ব্রাজিল ও আর্জেন্টিনা ভালো খেলে, তাহলে পতাকার বিক্রি আরও বাড়বে। তখন নতুন করে আরও পতাকার অর্ডার পাওয়ার আশা করছি।”
এদিকে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ভ্রাম্যমাণ বিক্রেতারাও বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছেন। তাদের প্রত্যাশা, টুর্নামেন্ট যত এগোবে এবং জনপ্রিয় দলগুলো ভালো ফল করবে, ততই বাড়বে পতাকার বিক্রি।

বিশ্বকাপের উন্মাদনায় ইতোমধ্যেই ফরিদপুরের বাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সমর্থকদের আগ্রহ ও উচ্ছ্বাসে চাঙা হয়ে উঠেছে পতাকা ব্যবসা। বাড়তি আয়ের সম্ভাবনায় দর্জি ও ব্যবসায়ীদের মুখেও ফুটেছে স্বস্তি ও আশার হাসি।

(ডিসি/এসপি/জুন ০৮, ২০২৬)