প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
২০২৬ জুন ০৮ ১৮:৫৯:৩১
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আরও একবার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গত রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গার সাধারণ জনগণকে এ বিষয়ে তাঁর লেখা একটি চিঠি উত্তরাধিকার ৭১ নিউজকে পাঠিয়ে এসব তথ্য নিশ্চিত করেন ওসি মিজানুর রহমান।
ছিঠিতে ভাঙ্গাবাসীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ওসি স্থানীয় জনগণের উদ্দেশ্য করে লিখেছেন-'মাদকের বিরুদ্ধে ভাঙ্গা থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। তবে মাদক বিরোধী অভিযানের নামে কোনো সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর, আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে মারধর বা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'
ওই চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, 'মাননীয় সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৪, মহোদয়ের আহ্বানের সাথে একাত্মতা প্রকাশ করে আমি সবাইকে অনুরোধ করছি য়ে, পুলিশ ও ভাঙ্গার শান্তিপ্রিয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভাঙ্গাকে একটি মাদকমুক্ত ও শান্তিময় উপজেলা হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ'।
এছাড়া, ধৈর্য্য ধরে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা ও মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দেওয়ার জন্য ভাঙ্গা থানায় বসবাসরত সকল জনগণের প্রতি বিশেষ অনুরোধ করেছেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান।
(আরআর/এসপি/জুন ০৮, ২০২৬)
