প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
২০২৬ জুন ০৮ ১৯:০৬:০৩
রিপন মারমা, রাঙ্গামাটি : খাগড়াছড়িতে কারাবন্দী সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাঙ্গামাটিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৬২ জন সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে এবং রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে জেলার শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি দমন, অপরাধ নির্মূল এবং রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের স্বার্থে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশ বজায় রাখা জরুরি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক ও নিপীড়নমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।
সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি কেবল একজন ব্যক্তির মুক্তি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সারাদেশে সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং তাঁর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। একই সময়ে স্মারকলিপির একটি অনুলিপি জেলার পুলিশ সুপারের কাছেও হস্তান্তর করা হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে ও সাখাওয়াত হোসেন রুবেল, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, এছাড়া আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উছিংছা রাখাইন কায়েস, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে এবং সাংবাদিক শান্তিময় চাকমা, মেহেদি হাসান সোহাগ, মিশু মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে সরকারের শীর্ষ মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে হুঁশিয়ারি দেন যে, সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
(আরএম/এসপি/জুন ০৮, ২০২৬)
