ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘আপনি গুলি চালালে আমি কী বসে থাকব?’

২০২৬ জুন ১০ ১৮:০১:০৮
‘আপনি গুলি চালালে আমি কী বসে থাকব?’

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে ভারতীয় বিএসএফের পুশইনের চেষ্টা এবং বিজিবির প্রতিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এ নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় সীমান্ত রেখার নো ম্যান্স ল্যান্ডে আটকা পড়েছেন ওই ব্যক্তি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিএসএফের এক সদস্যকে লক্ষ্য করে এক বিজিবি বলছেন, “আপনি গুলি চালানোর কথা বললেন কেন? আপনি গুলি চালালে আমি কী বসে থাকব? আপনার কাছে গুলি আছে, আমার কাছে নাই?”

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামরামপুর সীমান্ত দিয়ে বুধবার ভোর পাঁচটার দিকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে পুশইনের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা। বিজিবির সঙ্গে এ প্রতিরোধে সমর্থন জানায় কয়েক গ্রামের মানুষজন। একপর্যায়ে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে ওই ব্যক্তিকে সীমান্ত রেখার নো ম্যান্স ল্যান্ডে ছেড়ে দিয়ে চলে যান বিএসএফ সদস্যরা।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে সকাল দশটায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। জামালপুর ৩৫ বিজিবির সরকারি পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের পরিদর্শকের নেতৃত্বে আধা ঘণ্টাব্যাপী এ বৈঠক চললেও কোনো সমাধান মেলেনি।

বিজিবি সূত্র জানায়, এক ব্যক্তিকে নো ম্যান্স ল্যান্ডে ঠেলে দেয়বি এসএফ। পুশইনের এ চেষ্টাকে রুখে দেয় বিজিবি সদস্যরা। পুশইনের যেকোনো চেষ্টা রুখে দিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

(আরআর/এসপি/জুন ১০, ২০২৬)