প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
বিশ্বকাপ ফুটবল
স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
২০২৬ জুন ১১ ১৪:০২:২১
স্টাফ রিপোর্টার : ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়।
ডাকটিকিটের পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন। অনুষ্ঠানে এই বিশেষ স্মারকগুলোতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাকটিকিট উন্মোচনকালে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ইতিহাসের সর্বোচ্চ ৪৮টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠছে এই বিশ্ব আসরের।
তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও ফুটবলের ইতিহাসে এবারই প্রথম।
(ওএস/এএস/জুন ১১, ২০২৬)
