প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপাসিয়ায় চাঁদা না পেয়ে হামলা, আহত ৪
২০২৬ জুন ১১ ১৮:৫৯:০৬
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালোয়াটেকি এলাকায় নিজের জমি থেকে কাঠ কেটে নেয়ার সময় চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে এক পরিবারে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত দুই জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত আব্দুল হেকিম কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সালোয়াটেকি গ্রামের বাসিন্দা আব্দুল হেকিম তার নিজের জমিতে ঝড়ে হেলে পড়া কয়েকটি গাছ বিক্রি করেন। বিক্রিত গাছ গুলো নিয়ে যাওয়ার সময় এলাকার একই গ্রামের সরকার দলীয় নেতা আমির হোসেন ও রইছ উদ্দিন কাঠবোঝাই গাড়ি আটক করে ৫০ হাজার টাকা চাদা দাবী করেন। ওই টাকা না দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপয্যায়ে আবদুল হেকিমের উপর হামলা চালায় ওই সময় চাদাবাজদের হামলায় হামলায় আব্দুল হেকিম গুরুতর আহত হন। হেকিমকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে আবু বকর সিদ্দিক (৩৭), স্ত্রী আনোয়ারা খাতুন (৬৫) এবং মেয়ে মহসিনা আক্তার (৪২)ও আহত হন। ঘটনার সময় একাধিক নারীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল হেকিম ও মহসিনা আক্তারকে ভর্তি করা হয়। অপর আহত দুইজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মিনহাজ উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
(এসকেডি/এসপি/জুন ১১, ২০২৬)
