ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

২০২৬ জুন ১২ ১৪:০৪:০২
নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

রূপক মুখার্জি, নড়াইল : অর্ন্তবর্তী সরকার কর্তৃক আমেরিকার সাথে দেশবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ কর্মসুচি পালিত হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৫টার দিকে শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনাল এলাকায় এসে শেষ হয়।

এসময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটির সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশিদ।

অন্যান্যেরে মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীত রাজবংশী, সাবেক সাধারণ সম্পাদক অঞ্জন রায়, জেলা কমিটির সদস্য প্রবীর রায়, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সুলতান, জেলা যুব ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম শিমুল প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, 'ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিটি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা হয়েছে। এই চুক্তির কারণে বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের কৃষিজাত পণ্য মাংস, মুরগি, গুঁড়ো দুধসহ বেশ কিছু পণ্য বাংলাদেশে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে, যা দেশের নিজস্ব ডেইরি ও পোল্ট্রি খাতকে ধ্বংসের মুখে ফেলে দিবে।

চুক্তিটিতে প্রায় ১৩১ টির মতো শর্ত রয়েছে, যা বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা, শুল্ক নির্ধারণের সার্বভৌমত্ব এবং স্বাধীন নীতি প্রণয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করবে।

চুক্তির শর্তানুযায়ী, বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে বিপুল পরিমাণ মার্কিন সামরিক সরঞ্জাম ও অস্ত্র কিনতে হবে।

বক্তারা, জাতীয় স্বার্থবিরোধী ও গোপন এই চুক্তিটি অবিলম্বে বাতিলের দাবি জানান। সেই সাথে চুক্তির ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। এছাড়া ক্ষমতা হস্তান্তরের আগে তাড়াহুড়ো করে এই ‘গোলামির চুক্তি’ সম্পাদনের পেছনে কারা জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ কর্মসুচিতে সিপিবি জেলা কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমীরা অংশগ্রহণ করেন।

(আরএম/এএস/জুন ১২, ২০২৬)